লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপসচিব রবিউল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত ৯টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ আসর উপজেলার মল্লিকপুর ইউনিয়নের যোগিয়া গ্রামের মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার প্রদানের সময় নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজায় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বাগেরহাট ও পঞ্চগড় জেলার জেলা প্রশাসক এবং বাংলাদেশ সরকারের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে পিতা এম এ হকের নামে লোহাগড়ায় এমএ হক কারিগরি ও বাণিজ্যিক কলেজ প্রতিষ্ঠা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।