স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক ইকবাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফৌজিয়া হাফসা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইকবাল বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ওহাবের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ অক্টোবর সকালে বেনাপোল বাজারের রাজ বেকারির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ইকবালের পাঞ্জাবির পকেট থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজিত কুমার মৃধা আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার রায় ঘোষণার দিনে ইকবালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।