ঝিনাইদহ প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহে মঞ্চস্থ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত লেটোযাত্রা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া'।
শুক্রবার রাতে শহরের প্রান্তিক পার্ক মিলনায়তনে অংকুর নাট্য অ্যাকাডেমির আয়োজনে এ লেটোযাত্রা পরিবেশিত হয়।
নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলার লোকজ নাট্যধারার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও ফারুক হোসেনের নির্দেশনায় লেটোযাত্রাপালায় অ্যাকাডেমির ১৫ নিয়মিত শিল্পী অভিনয় করেন। গান, সংলাপ, অভিনয় ও হাস্যরসের মধ্য দিয়ে পালাটির কাহিনি তুলে ধরা হয়। পরিবেশনার বিভিন্ন দৃশ্যে দর্শকদের হাসি ও করতালিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে।
নাটক দেখতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, মঞ্চে লোকজধারার এমন পরিবেশনা এখন খুব বেশি দেখা যায় না। দীর্ঘদিন পর লেটোযাত্রা দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন।
দর্শক মো. হাসানুজ্জামান বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদন দেয় না, আমাদের পুরোনো লোকসংস্কৃতির সঙ্গেও নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়। পরিবার নিয়ে দেখতে এসেছি, ভালো একটি সময় কাটালাম।
আরেক দর্শক রিয়াদ বলেন, বিদ্রোহী কবির লেখা এমন একটি পালা মঞ্চে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া দরকার।
নাজিম উদ্দিন জুলিয়াস বলেন, নজরুল শুধু কবিতা ও গানের মধ্যে সীমাবদ্ধ না, তার সৃষ্টিতে বাংলার লোকজ জীবন ও সংস্কৃতিরও গভীর ছাপ রয়েছে। লেটোযাত্রা ছিল নজরুলের শিল্পীজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নতুন প্রজন্মের কাছে তার এই সৃষ্টিগুলো তুলে ধরতেই আমাদের প্রয়াস। দর্শকদের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও লোকজ সংস্কৃতি ও নাট্যচর্চার এমন আয়োজন অব্যাহত রাখবো।
উপস্থিত ছিলেন অংকুর নাট্য অ্যাকাডেমির সভাপতি আহসান হাবীব রনক, শিক্ষানুরাগী খন্দকার হাফিজ ফারুক, মো. আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, বাংলা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান হায়দার রাজা, নাট্য নির্মাতা এসএম শাহীন ও কৌতুক অভিনেতা হুমায়ূন কবীরী টুকু প্রমুখ।