যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নজরে গোপালগঞ্জ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:৫৮ পিএম
নজরে গোপালগঞ্জ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি দেখে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে।

এর আগে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন। দুপুরের পর তারা বলেছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। বিকেল সোয়া পাঁচটার দিকে ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়।

মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকেও বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছেঠ ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।

কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি রোববার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে, তা বিস্তারিত জানাতে পারেনি সূত্রটি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্য সংখ্যা বাড়িয়েছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বল প্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না। তিনি বলেন, আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বল প্রয়োগ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও বলছে, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে, বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।

বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে রোববার আরও তিন প্লাটুন বর্ডার গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জে।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।

ওই বছর ২০ জুলাই গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’

হামলা ভাঙচুর

লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।

রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে ঢোকেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তারা। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তৎপরতা হতে দেখা যায়নি।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)