স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সুজলপুরের রফিক উদ্দিনের ছেলে সুমন, সুমনের ছোট ভাই ইমন এবং ভেকুটিয়ার মৃত সলেমান দফাদারের ছেলে শাহাজাহান।
এর আগে বুধবার দিনভর ও সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় এ চারজনকেও আসামি করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ও রাতে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচির দাবি করা হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম মাঠে নামে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।
যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রথমে পাঁচজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এছাড়া রাতে ডিবির সাইবার ক্রাইম ইউনিট আরও চারজনকে আটক করে। এ ঘটনায় মামলার পর মোট নয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।