নড়াইল প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় নেতারা বলেছেন, গায়েবি গুহা থেকে হুংকার দিয়ে ভয় দেখাতে পারবেন না।
শনিবার বিকেলে শহরের পুরনো বাসটার্মিনাল এলাকায় মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তারা একথা বলেন।
পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। আমরা জুলাই সনদের আলোকে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।’
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, মাহমুদা সুলতানা রিমি প্রমুখ।সঞ্চালনা করেন জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী।
বক্তারা বলেন, এক সময় যারা বলতো শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ পালিয়ে প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। দেশে এলে তাদের বিচারের সম্মুখীন হতেই হবে। গায়েবি গুহা থেকে হুংকার দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন না।