মাগুরা প্রতিনিধি
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে মাগুরায় মশাল মিছিল করেছে দলটি।
রোববার (১৬ আগস্ট) রাতে শহরের চৌরঙ্গীর মোড় থেকে মিছিলটি বের হয়ে কলেজ রোড হয়ে ভায়না মোড় গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজিব মোল্লা।
সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, কুষ্টিয়ায় জামায়াতের এমপি আমির হামজার সমর্থকরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত এবং সংগঠনের কার্যালয় ভাঙচুর করেছেন।
এর প্রতিবাদে তারা এ মশাল মিছিলের আয়োজন করেন।
বক্তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
একই সঙ্গে আমির হামজাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, তা না হলে তাকে সারা দেশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
নেতাকর্মীরা আরও বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে তারা শান্তিপূর্ণ পরিবেশ চান। রাজনৈতিক সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন তারা।