ঝিনাইদহ প্রতিনিধি
জ্বালানি খাতে 'ভর্তুকি ও লোকসানের' যুক্তির সমালোচনা করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র কি মুদির দোকান যে লাভ লোকসানের হিসাব করবে?
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
রাষ্ট্রকে জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের রাজস্ব আসে।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘ভর্তুকি দিতে হলে দেবেন। তাই বলে ছয় মাসের মধ্যে তিনবার দ্রব্যমূল্য বাড়াবেন? এটা হতে পারে না।’
জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, উৎপাদন, বিপণন, কৃষি ও সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘সরকারি দলের মন্ত্রী ও নেতারা বলছেন আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এ বিষয়ে তাদের প্রমাণ দিতে হবে।’
সরকারের ভেতরের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র আওয়ামী লীগকে দেশে আনার ইন্ধন দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, ‘মাস্তানি দখলদারি আমরা করছি না। সমস্ত স্তরে একচেটিয়াভাবে সরকারি দল তাদের দাপট চালিয়ে যাচ্ছে ‘
নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সারাদেশে মিছিলের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকা অবস্থায় কীভাবে একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত একটি দলের নেতাকর্মীরা মিছিল করার সুযোগ পেলেন, সেটি তদন্তের বিষয়।
তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরের একটি অংশ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য ইন্ধন দিচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার ও আসামি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ভারতের ভূমিকা নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।