চুয়াডাঙ্গা প্রতিনিধি
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট আসলে ‘গাড়িমার্চ’ করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায়চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে তা পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যা করেছে, তা মূলত গাড়িমার্চ। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য বা আপত্তি নেই। আমরা চাই গণতান্ত্রিক দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুক।’
‘নজরুল বর্ষ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প ও সংস্কৃতির প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমৃদ্ধ এই ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি হাজার বছরের পুরনো ও সমৃদ্ধ। অন্য দেশের জনগণের কাছে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক কূটনীতির ওপর জোর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাউল সংগীত, লোকসংগীত, ভাটিয়ালি গান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা যেমন—দাড়িয়াবান্দা, হাডুডু, কাবাডি ও লাঠিখেলা নতুন করে দেশ-বিদেশে তুলে ধরার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।’
মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রবণতা রোধ করার কর্মপদ্ধতি এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নিতাই রায় চৌধুরী।
সভায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।