পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী সেকেন্দার আলী ও তার সহকর্মী রাজ্জাক আলীকে অপহরণ করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যায় দুর্বৃত্তরা।
সেখানে তাদের আটকে রেখে মারধর করা হয়। পরে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
একপর্যায়ে ২০ লাখ টাকা দিতে রাজি হলে সেকেন্দার আলীকে পরিবারের কাছে ফোন করে টাকা আনতে বলা হয়।
এদিকে, সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান। তার অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী রিপন খান ও তার সহযোগী শরীফ শেখকে আটক করা হয়।
আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।