স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—কেশবপুর উপজেলার কোমলপুর গ্রামের মৃত সোহরাবের ছেলে আলম মোল্লা (৪৪) এবং মঙ্গলকোট মধ্যমপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে আবদুল লতিফ (৫০)।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিবি পুলিশের একটি দল আটঘরা গ্রামের সাহাব উদ্দিনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলম ও লতিফকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।