কয়রা (খুলনা) প্রতিনিধি
অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ ঝিনুক পাচারের সময় খুলনার কয়রায় মফিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ কেজি অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুক জব্দ করা হয়েছে।
আটক মফিজুল ইসলাম পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা।
বন বিভাগ জানায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমানের নির্দেশনায় বনপ্রহরী রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে স্টেশনের স্টাফ মশিউর রহমান, নীলিমেষ বৈরাগী ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা সাজমিনুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।