স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে চলন্ত ট্রেনের ভেতর শাহেদ বায়ান (৬৫) নামে এক অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে আকাশ গাঙ্গুলী (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে জনতা। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
আটক আকাশ নড়াইল সদর উপজেলার ভিটেপাড়া গ্রামের বিধান গাঙ্গুলীর ছেলে।
রেলস্টেশনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা আকাশকে আটকে রেখে থানা পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় ওই অস্ট্রেলীয় নাগরিকের বন্ধু সমীরকুমার রায় বাদী হয়ে খুলনা রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, খুলনা সদর উপজেলার দোলখোলা রায়পাড়ার বাসিন্দা সমীরকুমার রায়ের বন্ধু শাহেদ বায়ান অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি খুলনার খালিশপুরে বিয়ে করায় মাঝে মাঝেই বাংলাদেশে বেড়াতে আসেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনে করে খুলনা আসছিলেন।
রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি সিঙ্গিয়া রেলস্টেশনে এসে দাঁড়ালে আকাশ গাঙ্গুলী নামে ওই যুবক শাহেদ বায়ানের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় শাহেদ বায়ান চিৎকার দিলে আশপাশের যাত্রী ও দর্শনার্থীরা ছুটে এসে আকাশকে হাতেনাতে ধরে ফেলেন।
পুলিশ জানায়, ছিনতাইয়ের চেষ্টা করা ওই ব্যাগের ভেতর একটি ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আটক আসামিকে জিআরপি থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।