ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুর দুইটার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সাথে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ করেন।
এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এখানে যে নেতৃত্ব দিয়ে থাকেন, আব্দুল মজিদ তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের জনক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃত্বে হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করা হয়।’
তিনি বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছি। হামলার সময় আমাদের অনেক সহকর্মীর ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তারা। এমনকী আমাদের ওপর ডিমও নিক্ষেপ করা হয়।’
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, ‘আইনমন্ত্রীর এলাকায় যদি আইন-শৃঙ্খলার এমন অবনতি হয়, তাহলে আমরা মনে করি আইনমন্ত্রী তার জায়গায় থাকতে পারেন না। আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা উচিত।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ঘটনার বিচার না করেন, তাহলে আমরা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’