অভয়নগর (যশোর) প্রতিনিধি
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে মোট দশ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার (২ আগস্ট) রাত আটটার দিকে মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকারি টিএসপি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজারের মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া বালুরঘাট বাজারের মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এক হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা (৫০ কেজি) সরকারি টিএসপি সার কৃষকদের কাছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই সার ব্যবসায়ীকে মোট দশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।