মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আটক যুবায়ের
ছবি:
দুধ বিক্রেতাকে ছুরিকাঘাতে অভিযুক্ত যুবায়ের হোসেনকে (৩০) আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। রবিবার রাত ১০টার দিকে ঝামাবাজার সংলগ্ন মধুমতী নদীর তীর থেকে এসআই মামুন হোসেন ও এএসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল 'ঘাতক' যুবায়ের হোসেনকে আটক করে।
আটক যুবায়ের মহেশপুর গ্রামের মৃত আবু দাউদ মোল্যার ছেলে।
দুধ কেনাবেচায় বচসার জেরে শনিবার মাগুরা মহম্মদপুরের ঝামা বাজারে বিল্লাল কাজী (৫০) নামে এক দুধ বিক্রেতাকে যুবায়ের ছুরিকাঘাত করেছিলেন বলে স্থানীয়রা বলছেন।
ছুরিকাঘাতে আহত বিল্লাল কাজী উপজেলার উত্তর আড়মাঝি গ্রামের মৃত রওশন কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝামা বাজারে দুধ বিক্রি করতে গিয়েছিলেন বিল্লাল কাজী। এসময় যুবায়ের হোসেন টাকা না দিয়ে তার কাছ থেকে এক লিটার দুধ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
বিল্লাল কাজী টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবায়ের বিল্লাল কাজীর পেটে ছুরিিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজনের সহায়তায় আহত বিল্লালকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর থেকেই মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ এম শামিম আহমেদ এর নির্দেশে ঘাতককে গ্রেফতারে অভিযান শুরু হয়।
শনিবার বিকেলের এ ঘটনায় অভিযুক্ত যুবককে রোববার রাতে আটক করে পুলিশ।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে মহম্মদপুর থানার পুলিশ জানায়।