কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বেল্লা জানান, গত ১৫ জুন উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের শান্তির বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৩ আগস্ট) রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের রশিদুলের ছেলে নয়নকে (২০) গ্রেপ্তার করা হয়।
পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফারুক হোসেনের ছেলে শিমুলকে পৌর শহরের আদর্শপাড়ায় শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে শিমুলের তথ্য অনুযায়ী রাঙ্গিয়ারপোতা গ্রামের ইয়ানুরের ছেলে ইমন এবং একই গ্রামের লিয়ামিন ওরফে সুরুজকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে।
চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।