মাগুরা প্রতিনিধি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ মেলা ও ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের জোনের সহকারী বন সংরক্ষক মোছা. জুমুয়া জামান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ওষধি গাছের চারা প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং ফলদ ও ওষধি গাছের চাষে মানুষকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।