মাগুরা প্রতিনিধি
কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণ করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে মাগুরার মহম্মদপুরে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০ জন কৃষকের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু। তিনি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এয়ারফ্লো মেশিনের কার্যকারিতা এবং এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের কৃষকদের জন্য মোট ১৫০টি এয়ারফ্লো মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০ কৃষকের মাঝে মেশিন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ১৩০টি মেশিনও বিতরণ করা হবে।
প্রতিটি এয়ারফ্লো মেশিনের জন্য সরকারি বরাদ্দ রয়েছে ২৮ হাজার ১০০ টাকা। এর মধ্যে মেশিন কেনার জন্য ২১ হাজার টাকা এবং সংরক্ষণাগারের মেঝে ও দেয়াল তৈরির জন্য কৃষককে সাত হাজার টাকা দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু বলেন, দেশে প্রতিবছর প্রায় লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে প্রায় ৪২ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়। বিপরীতে দেশের বার্ষিক চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ লাখ টন। উৎপাদনের পর অতিরিক্ত পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণ করা না গেলে কৃষকরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন। আবার পরবর্তী সময়ে ঘাটতি দেখা দিলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, যার প্রভাব পড়ে বাজারদরে।
তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়িয়ে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে। আধুনিক এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা দীর্ঘসময় পেঁয়াজ সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন।