স্টাফ রিপোর্টার
, যশোর
সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রাকে জেলি পুশ করা প্রায় ৩৬ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব-৬-এর যশোর ক্যাম্প।
শনিবার (২৯ আগস্ট) রাতে যশোর শহরের বকচর এলাকায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়।
পরে পরীক্ষা-নিরীক্ষায় চিংড়িতে জেলি পুশের বিষয়টি নিশ্চিত হলে ট্রাকচালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ওই ট্রাকে জেলি পুশ করা চিংড়ি পরিবহন করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বকচর এলাকায় ট্রাকটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ কেজি চিংড়ি জব্দ করা হয়।
জব্দ করা চিংড়ি পরীক্ষা করতে যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষকে খবর দেওয়া হয়।
তিনি ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিংড়ির ভেতরে জেলি পুশ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পরে সংশ্লিষ্ট আইনের ধারায় ট্রাকচালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। জব্দ করা চিংড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চিংড়ির ওজন ও আকার বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীরা চিংড়ির শরীরে জেলি বা অন্যান্য পদার্থ পুশ করেন।
এতে চিংড়ির স্বাভাবিক গুণগত মান নষ্ট হয়। এসব মাছ খাওয়ার মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কাও রয়েছে।