ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সরাতলা এলাকার তুষার সিরামিকস কারখানার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলার সরাতলা, কৃষ্ণচন্দ্রপুর এবং পুরন্দরপুর গ্রামের কয়েকশ কৃষক অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে কৃষকরা অভিযোগ করেন, তুষার সিরামিকস কারখানার বর্জ্যের কারণে ওই এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ ছাড়া কারখানার বিষাক্ত ধোঁয়ায় গাছপালা ও ফসল নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়ছেন।
কৃষকরা আরও জানান, দীর্ঘদিন ধরে এই দূষণের প্রতিবাদ করা হলেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো কারখানার পরিধি বাড়ানো হচ্ছে। ফসলি জমি ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত এই সমস্যার প্রতিকার চেয়েছেন ক্ষুব্ধ কৃষকরা।