যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তাবলয়, ২২৪ পুণ্যার্থীর যাত্রা

কয়রা (খুলনা) ও শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১১:৫৬ পিএম
রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তাবলয়, ২২৪ পুণ্যার্থীর যাত্রা

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে পুণ্যার্থী ও দর্শনার্থীর যাত্রা শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন ফরেস্ট স্টেশন থেকে ১৭টি ইঞ্জিনচালিত ট্রলারে তারা দুবলার চরের উদ্দেশে রওনা হন।

বন বিভাগের তল্লাশি, অনুমতিপত্র যাচাই ও বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের এ যাত্রা। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনজুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু যাত্রা করেন। অন্যদিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে সাতটি ট্রলারে ২০৮ জন পুণ্যার্থী ও ১৬ জন ক্রু রওনা হন। এর মধ্যে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ছয়টি ট্রলারে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও তিনজন ক্রু যাত্রা করেন।

নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার আল আমিন জানান, নির্ধারিত রুট দিয়ে পুণ্যার্থীদের দুবলার চরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, যাত্রার আগে ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা, প্রয়োজনীয় কাগজপত্র ও সুন্দরবনে প্রবেশসংক্রান্ত নিয়মকানুন যাচাই করেই অনুমতি দেওয়া হয়েছে।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সাদেকুর রহমান জানান, পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা সাজমিনুর ইসলাম বলেন, নির্ধারিত রুটের বাইরে যাতায়াত এবং সুন্দরবনের পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা ও টহল কার্যক্রম চলবে।

সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, দুবলার চরের রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী এ উৎসবে সমবেত হন। তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থী বহনকারী ট্রলারগুলো ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, রাস পূজা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনার জন্য কয়েকটি দল গঠন করা হয়েছে। দলগুলো দায়িত্ব পালন করছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বন বিভাগের নজরদারির পাশাপাশি পুণ্যার্থীদের চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ, বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়রা ও হড্ডা গ্রামের বাসিন্দা অনিল মণ্ডল ও অনিতা মণ্ডল বন বিভাগের অনুমতি প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও নির্ধারিত ফি পরিশোধের পর কোনো ভোগান্তি ছাড়াই তারা যাত্রার অনুমতি পেয়েছেন।

শ্রীকৃষ্ণের রাসলীলা ও দিব্য প্রেমের স্মরণে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে উদ্যাপিত হয় রাস পূর্ণিমা। পঞ্জিকা অনুযায়ী, এ বছর ২৪ নভেম্বর রাস পূর্ণিমা। ওই দিন ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসব ঘিরে উপকূলজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)