কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক নিলুকে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করছেন স্থানীয়দের একটি অংশ।
তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকায় নিলুর একটি গ্রহণযোগ্যতা রয়েছে।
স্থানীয় অনেকের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত এনামুল হক নিলু। তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের জীবনে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। এমন একজন জনপ্রতিনিধিকে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তারের ঘটনায় তারা বিস্মিত।
তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দা রাশেদ মিয়া বলেন, ‘নিলু চেয়ারম্যানের গ্রেপ্তারের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করেছেন। মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়িয়েছেন। এমন একজন জনপ্রতিনিধিকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করায় আমরা হতাশ ও ক্ষুব্ধ। আমাদের ধারণা, একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি করছে। আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক এবং তিনি যেন ন্যায়বিচার পান।’
আরেক বাসিন্দা বসির আহমেদ বলেন, ‘বিগত দিনে বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক নিলুর মাধ্যমে উপকৃত হয়েছেন।
তিনি কখনো কারও ক্ষতি করেননি। আজ তাকে জেল খাটতে হচ্ছে, যা ইউনিয়নবাসীর জন্য দুঃখজনক।’
হলিধানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ সাদিক বকুল বলেন, ‘দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। আমরা মনে করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসা উচিত।’
জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্যসচিব ও ইউনিয়ন বিএনপির সদস্য শাহনেওয়াজ সুমন বলেন, ‘নিলু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছেন। তিনি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। গরিব-দুঃখী মানুষের কাছে তিনি আস্থার জায়গা। তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাই, কোনো রাজনৈতিক বিবেচনা নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’