খুলনা অফিস
খুলনার রূপসায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মারাত্মক জখম হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিলি কুন্ডু ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের অমর কুন্ডু মোটরসাইকেলযোগে তার স্ত্রী লিলি কুন্ডুকে (৪৯) খুলনার আই হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। শুক্রবার সাড়ে বারোটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছুলে পেছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জখম হন তার স্বামী অমর কুন্ডু।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর বাস ও চালক সাগরকে (২৬) স্থানীয় কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে।