সুবর্ণভূমি ডেস্ক
রাজধানীর আদাবরে চাপাতি নিয়ে একটি বাড়িতে হামলার ঘটনায় পুলিশের অভিযানে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অস্ত্রসহ দশজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার দিবাগত রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৬ নম্বর শেখেরটেকের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের বিষয়ে ওসি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাত থেকে আটজনকে দেখতে পাই। ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজনের পায়ে গুলি লাগে।’
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে অভিযানের ধারাবাহিকতায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।