মাগুরা প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রচার কার্যক্রম জোরদার করতে মাগুরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্প যেমন, ফ্যামিলি কার্ড বিতরণ, দেশব্যাপী খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান এবং নারীদের যাতায়াত সুবিধার্থে ‘নারীর জন্য গাড়ি’সহ বিভিন্ন জনবান্ধব উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসার পাভেল দাসের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি সরকারের এসব উন্নয়নমূলক কাজের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান সুজন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনবান্ধব কর্মসূচিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা। এ সময় মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।