সুবর্ণভূমি ডে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে ‘মধ্যযুগীয়’ বলে মূলত রাসুল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসুল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।
মিয়া গোলাম পরওয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটল।
বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে।
দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার এই ‘অবমাননাকর’ মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।