সুবর্ণভূমি ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান দেশকে অস্থিতিশীল করতে জামায়াত শিবির সামনে আরও ধ্বংসাত্মক কর্মসূচি নেবে বলে ফেসবুকে মন্তব্য করেছেন। তার মন্তব্যটি সুবর্ণভূমির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
বাংলাদেশের কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যাদের ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার অভিপ্রায় আছে, তারা কখনো সচিবালয় ঘেরাও করতে যায় না। সচিবালয়কে নিরাপদ রাখা দেশ ও জাতির জন্যই প্রয়োজন। কিন্তু সচিবালয়কে ঘেরাও করে সরকারি কর্মকর্তাদের ভীতি প্রদর্শন করা কোন দলের জন্য ইতিবাচক নয়। আজকে জামায়াত- এনসিপি যে হঠকারিতা করলো, এটা তাদের জন্যই নেতিবাচক হলো। প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের কাছে বার্তা গেলো জামায়াত-এনসিপিসহ ৯ দলীয় জোট একটি র্যাডিক্যাল ফোর্স। এরা কখনো ক্ষমতায় আসলে সচিবালয় থেকে কর্মকর্তাদের একযোগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আজকে যদি পুলিশ ও প্রশাসন শক্তভাবে বাধা না দিতো, তবে জামায়াত-শিবিরের কর্মীরা সচিবালয়কে ধ্বংসস্তুপে পরিণত করতো। হয়তো দেশকে অস্থিতিশীল করতে সামনে আরও ধ্বংসাত্মক কর্মসূচি হাতে নিবে জামায়াত-শিবির। সামনে তাদের কর্মসূচির মধ্যে আওয়ামীলীগও ঢোকার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে সতর্ক ও সোচ্চার থাকার বিকল্প নেই।