সুবর্ণভূমি ডেস্ক
দক্ষিণ এশীয় ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া আসন্ন ‘আসিয়ান কাপ’-এ ভারতের জায়গায় শেষ মুহূর্তে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় টুর্নামেন্টটিতে অংশগ্রহণের ব্যাপারে সর্বসম্মতভাবে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাফুফের ওপর কোনো আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে না। আয়োজকদের পক্ষ থেকেই অংশগ্রহণকারী দলগুলোকে বিশেষ অর্থ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ফুটবলারদের যাতায়াত, থাকা-খাওয়াসহ সব ধরনের আবাসন খরচই বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।
ফলে বাফুফেকে কোনো বড় অর্থ খরচ করতে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির একাধিক সদস্য।
মূলত ভারতের নাটকীয় সিদ্ধান্তের কারণেই সুযোগের নতুন দুয়ার খুলেছে বাংলাদেশের সামনে। আসিয়ান কাপের প্রাথমিক আমন্ত্রণে বাংলাদেশের নাম না থাকলেও দক্ষিণ এশিয়া থেকে ভারত আগেই তালিকায় ছিল। তবে ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচের প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দিতে হঠাৎ করেই আসিয়ান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
ভারতের এই শূন্য আসনেই শেষ মুহূর্তে কপাল খুলেছে লাল-সবুজদের।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ঢাকায় নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন কিংবা ওই একই সময়ে কিরগিজস্তানে আমন্ত্রিত হয়ে খেলতে যাওয়ার দুই পরিকল্পনা নিয়ে বাফুফে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিল। তবে ইন্দোনেশিয়ায় ফিফার অর্থায়নে আয়োজিত আসিয়ান কাপে খেলার নিশ্চয়তা মেলায় বাফুফের আন্তর্জাতিক সূচি নিয়ে তৈরি হওয়া সেই সংকট অনেকটাই কেটে গেল।