যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুরনো শীতবস্ত্রের ব্যবসা শুরু

শাহারুল ইসলাম ফারদিন

, যশোর

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
পুরনো শীতবস্ত্রের ব্যবসা শুরু

শীতের আগমনী বার্তায় যশোরের পুরনো শীতবস্ত্রের পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে ব্যবসায়ীদের আনাগোনা। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও রাজশাহী, গোপালগঞ্জ, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পাইকার ও খুচরা বিক্রেতারা আসছেন জেলা পরিষদ ও কালেক্টরেট মার্কেটে। তবে ক্রেতাদের উপস্থিতি বাড়লেও এখনো জমে ওঠেনি বেচাকেনা। আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের বেল্টের (বড় ধরনের গাইট) দামও বেড়েছে। ফলে আগের মতো ১০ থেকে ১৫ ডজন পোশাক একসঙ্গে না কিনে অনেকে সীমিত পুঁজি নিয়ে এক-দুই ডজন করে পণ্য সংগ্রহ করছেন। ব্যবসায়ীদের আশা, নভেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা বাড়লে বাজারে বেচাকেনা জমে উঠবে।

সরেজমিনে জেলা পরিষদ ও কালেক্টরেট মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশুদের বেবিস্যুট, জ্যাকেট, স্যুয়েটার, হুডি, ট্রাউজার, ট্রাকস্যুট, শার্ট, কম্বল, কোট ও চাদরসহ নানা ধরনের শীতবস্ত্র। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ব্যবসায়ীরা পোশাকের মান ও দাম যাচাই করছেন। কেউ অল্প পরিমাণে পণ্য কিনছেন, আবার কেউ শীতের তীব্রতা বাড়ার অপেক্ষায় রয়েছেন।

যশোরের পুরনো কাপড়ের এই বাজারের প্রধান ক্রেতাগোষ্ঠী দেশের বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। খুলনা জেলা ছাড়া বিভাগের অন্যান্য জেলার অনেক বিক্রেতা এখান থেকে শীতের পোশাক সংগ্রহ করেন। পাশাপাশি রাজশাহী, গোপালগঞ্জ, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া ও ঝিনাইদহের ব্যবসায়ীদের কাছেও গুরুত্বপূর্ণ এই বাজার। শীত মৌসুমে তাই আন্তজেলা পাইকারি বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয় যশোরের এই বাজার।

এবার ব্যবসায়ীদের বড় উদ্বেগ আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পুরনো শীতবস্ত্রের বেল্ট মূলত কোরিয়া, জাপান, চীন ও তাইওয়ান থেকে আমদানি করা হয়। চট্টগ্রামের আমদানিকারক ও আড়তদারদের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করেন যশোরের ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেল্টের দামও বেড়েছে।

কালেক্টরেট মার্কেটের সাইফুল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে এই ব্যবসায়। চট্টগ্রাম বন্দর থেকে যশোরে পণ্য আনতে আগের চেয়ে বেশি পরিবহন খরচ হচ্ছে। আগে ভালো মানের যে বেল্ট ২৫ হাজার টাকায় কেনা যেত, এবার সেটি ৩০ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। এর সঙ্গে খালাস ও পরিবহন খরচ যুক্ত হওয়ায় ব্যবসায়ীদের লাভ কমে যাচ্ছে।

যশোরের বাজারে জ্যাকেট, বেবিস্যুট, শিশুদের পোশাক, তুলার কাপড়, শার্ট, ট্রাকস্যুট, কম্বল, কোরিয়ান ভেলভেট কম্বল এবং কোর্ট কেএস বা লং কোটের বেল্ট পাওয়া যায়। বেল্টের ওজন, পোশাকের ধরন ও মান অনুযায়ী দাম নির্ধারিত হয়। সাধারণত ৪৫ থেকে ১০০ কেজি ওজনের বেল্ট বাজারে আসে।

ব্যবসায়ীদের দেওয়া বাজারদর অনুযায়ী, ৮০ থেকে ১০০ কেজি ওজনের মিক্সড জ্যাকেটের কোরিয়া ও জাপানি বেল্টের দাম ২৫ থেকে ৩৫ হাজার টাকা। চীন ও তাইওয়ানের একই ধরনের বেল্টের দাম ১৮ থেকে ২৪ হাজার টাকা। কোর্ট কেএস বা লং কোটের বেল্ট ১৪ থেকে ৩০ হাজার, বেবিসুট ও শিশুদের পোশাকের বেল্ট ১২ থেকে ২৬ হাজার এবং কম্বলের বেল্ট ১২ থেকে ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ট্রাকস্যুট ও স্পোর্টসওয়্যারের বেল্টের দাম ১৩ থেকে ২৪ হাজার টাকা। শার্ট ও তুলার হালকা কাপড়ের বেল্টের দাম দশ থেকে ২২ হাজার টাকা।

কোরিয়া ও জাপানের বেল্টের দাম তুলনামূলক বেশি। ব্যবসায়ীদের দাবি, এসব বেল্টে ভালো মানের এবং তুলনামূলক কম ব্যবহৃত পোশাক বেশি পাওয়া যায়। অন্যদিকে চীন ও তাইওয়ানের বেল্টের দাম কম হলেও কিছু লটে ক্ষতিগ্রস্ত বা নিম্নমানের পোশাক পাওয়ার আশঙ্কা থাকে। কম্বলের বেল্টে বিনিয়োগও বেশি। কোরিয়ান একটি বিশেষ বেল্টের দাম ৪৬ হাজার টাকা, যাতে কম্বল থাকে মাত্র ১৫টি। এতে পাইকারি পর্যায়েই প্রতিটি কম্বলের ক্রয়মূল্য তিন হাজার টাকার বেশি পড়ে। পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হলে খুচরা বিক্রেতাদের জন্য এসব কম্বল বিক্রি করা কঠিন হয়ে যায়।

কালেক্টরেট মার্কেটের দ্বীপ হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টসের মালিক দ্বীপচন্দ্র দাস বলেন, আগে মফস্বলের খুচরা বিক্রেতারা একসঙ্গে ১০ থেকে ১৫ ডজন পোশাক কিনে নিয়ে যেতেন। এবার অনেকে এক-দুই ডজন করে কিনছেন। এখনো পাইকারি বেচাকেনা জমে ওঠেনি। আগে যে পোশাক ৮০ টাকা পিস বিক্রি করতেন, এখন সেটি কারখানা থেকেই ৮৫ টাকায় কিনতে হচ্ছে। বাড়তি দামের কারণে ছোট ব্যবসায়ীরা বেশি পুঁজি বিনিয়োগ করে ঝুঁকি নিতে চাইছেন না।

যশোরের ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের শাহআলম সওদাগর, কালাম সওদাগর ও আব্দুল জলিল সওদাগরসহ বিভিন্ন আমদানিকারকের কাছ থেকে তারা বেল্ট সংগ্রহ করেন। চলতি মৌসুমে ইতিমধ্যে যশোরে প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ বেল্ট এসেছে। পুরো শীত মৌসুমে তিন থেকে পাঁচ হাজার বেল্ট আনার লক্ষ্যমাত্রা রয়েছে। দিলীপচন্দ্র দাস, মাঈনুল হাসান নবীন, আজিবর, নজরুল ইসলাম, রাজ ও সাকিবুল হাসানসহ স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী এ বাণিজ্যের সঙ্গে যুক্ত।

পাইকারি বাজারের পাশাপাশি খুচরা দোকানগুলোতেও শীতবস্ত্র কিনতে আসা শুরু করেছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। স্যুয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার, টুপি, হাতমোজা ও পামোজাসহ বিভিন্ন ধরনের পোশাক কিনছেন তারা। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

জেলা পরিষদ মার্কেটের রবি এক্সপোর্ট গার্মেন্টসের জাহাঙ্গীর আলম বলেন, শীতবস্ত্রের ব্যবসায় আগাম প্রস্তুতি গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে পণ্য সংগ্রহ করতে পারলে চাহিদা বাড়ার সময় বিক্রির সুযোগ থাকে। এ কারণে বিভিন্ন উপজেলা থেকে খুচরা বিক্রেতারা আগেভাগেই বাজারে আসছেন।

ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, এখনো তেমন শীত পড়েনি। তবে কিছু এলাকায় ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। এ কারণে খুচরা বিক্রেতারা আগাম পোশাক কিনছেন। এখন বিক্রি মোটামুটি হলেও শীত বাড়লে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তিনি।

চৌগাছা থেকে আসা খুচরা বিক্রেতা আলী নুর হোসেন বলেন, গ্রামাঞ্চলে ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই চাহিদা বাড়ার আগেই যশোর থেকে পোশাক সংগ্রহ করছেন।

মণিরামপুর থেকে আসা মকুল মিয়া বলেন, এবার পাইকারি দাম ও পরিবহন খরচ বেশি। তাই পণ্যের মান ও দাম যাচাই করে কিনতে হচ্ছে। বেশি দামে পণ্য কিনে বিক্রি করতে না পারলে লোকসানের আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকে প্রথম দফায় অল্প পণ্য কিনে বাজারের চাহিদা বুঝে পরে আরও পণ্য সংগ্রহ করবেন।

যশোর জেলা পরিষদ সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের মিয়া বলেন, শীতের মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। তবে এখনো প্রত্যাশিত বেচাকেনা শুরু হয়নি। আমদানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় শীতের পোশাকের দামও কিছুটা বেশি। নভেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা বাড়লে ক্রেতাদের আনাগোনা বাড়বে এবং বাজারে বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন