জিয়াউল হক
বেশ কিছুদিন ধরে বাঙালি সমাজের নেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘চুমুকাণ্ড’ আর ‘তাওসিফ হত্যাকাণ্ড’। অতি বিতর্কিত এ ঘটনা দুটি গোটা দেশবাসীকে নাড়া দিয়েছে। আর তাতে রসদ যুগিয়েছে অতি উৎসাহীরা, সেটা পক্ষে কিংবা বিপক্ষে; যা বিতর্কের ঝড়কে আরো উসকে দিয়েছে। মাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে গোটা জাতিই যেন বিভক্ত হয়ে পড়েছে! কাদা ছোড়াছুড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার বিরূপ প্রভাব সাধারণ মানুষের ব্যক্তিজীবন থেকে সমাজ তথা রাষ্ট্রব্যবস্থাকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। এমনকি শিক্ষা, নিরাপত্তা ব্যবস্থা পালটে দেওয়ার মতো প্রসঙ্গকেও একটি মহল পরিকল্পিতভাবে নেতিবাচকভাবে সামনে টেনে এনেছে; যা বিভক্তির আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতিতে রূপ পেয়েছে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে!
আমরা জাতি হিসেবে যে কতটা আহম্মক, তা গত কয়েকদিনের সামাজিক যোগাযোগমাধ্যম দেখলেই সহজে অনুমেয়! একইসাথে আমরা দায়িত্বহীন, প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর এবং বিভেদ সৃষ্টিকারী হিসেবেও পরিচিতি পেয়েছি। অসহিষ্ণুতা ও চক্রান্তকারী হিসেবেও দুর্নাম রয়েছে আমাদের।
কোথায় জানেন? সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি এমনভাবে ঘটেছে যে, প্রকৃত ঘটনা আসলে কী, তা-ই হারিয়ে গেছে।
পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তদন্তকে বিভ্রান্ত করা। সিসিটিভিতে কিছু দৃশ্য থাকবে, কিছু থাকবে না। সন্দেহভাজনের বক্তব্যে অসঙ্গতি থাকবে। আর মানুষের সামনে আসবে এমন কিছু বিচ্ছিন্ন তথ্য, যেগুলো নিয়ে মাসের পর মাস বিতর্ক করা সম্ভব। অপারেশন সফল। তাহসিফ মারা গেছেন কিংবা মুসলিম হুজুর চুমু দিয়েছেন।
কারণ, সত্য প্রমাণ করার চেয়ে একটি বিশ্বাসযোগ্য ষড়যন্ত্রের গল্প তৈরি করা অনেক সহজ। বিশেষ করে মানুষের মনে যখন আগে থেকেই সেই ষড়যন্ত্র সম্পর্কে একটি বিশ্বাস থাকে। এইখানেই সমস্যাটা। আমরা অনেক সময় তথ্য-প্রমাণ থেকে সিদ্ধান্তে পৌঁছাই না। বরং আগে সিদ্ধান্ত নিয়ে পরে তার সঙ্গে মিলিয়ে তথ্য খুঁজতে থাকি।
কারও বিশ্বাস, তাহসিফকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র হত্যা করেছে। কারও ধারণা, এর পেছনে রয়েছে রাষ্ট্রের ভেতরকার কোনো অদৃশ্য শক্তি, যাকে বলা হয় ‘ডিপ স্টেট’। অনুরূপ চুমুকাণ্ডের বডিবিল্ডার রুমি, অভিযুক্ত মুসলিম হুজুর, ভিন্ন ভিন্ন ভিডিও প্রকাশ আর একে ঘিরে গড়ে ওঠা নানা কল্পকাহিনি বিভ্রান্তিই শুধু বাড়িয়েছে, সমাধানে পৌঁছাতে পারেনি।
তাহসিফের অতীত পরিচয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের বিষয়ে তার নাম আলোচনায় আসার কারণে ঘটনাটি রাজনৈতিক তাৎপর্যও পেয়েছে। তবে, ভিডিওটি ঘিরে প্রচারিত অভিযোগ ও তার চাকরি ছাড়ার কারণ সম্পর্কে আগেও পরস্পরবিরোধী বক্তব্য প্রকাশিত হয়েছিলো। আর ‘চুমুকাণ্ড’ এদেশের কওমি মাদরাসাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে, করেছে বিতর্কিত। দুটি ইস্যুই খুব স্পর্শকাতর এবং এরসাথে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই কোনো না কোনোভাবে জড়িত। তা সে একটি ফেসবুক স্ট্যাটাস কিংবা কমেন্টই হোক।
এগুলো কি সবাই বিশ্বাস করবেন? আমার ধারণা, করবেন না। একদল বলবেন, আসল অপরাধীদের আড়াল করার জন্য অন্য কাউকে সামনে আনা হয়েছে। আরেকদল বলবেন, আরও বড় কোনো ষড়যন্ত্র ধামাচাপা দেওয়া হয়েছে। এমনকি যদি কোনো বিদেশি সংস্থার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তখনও বিপরীত রাজনৈতিক বিশ্বাসের মানুষ সেই প্রমাণ অস্বীকার করতে পারেন! কারণ আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই একটি ঘটনার সত্যতা বিচার করা হয় নিজের পূর্বনির্ধারিত রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সেটি কতটা মেলে, তার ভিত্তিতে।
মানুষ প্রথমে একটি সিদ্ধান্তে পৌঁছান। তারপর সেই সিদ্ধান্তের পক্ষে প্রমাণ খুঁজতে শুরু করেন। বিপরীত প্রমাণ সামনে এলে তা প্রত্যাখ্যান করেন কিংবা নতুন কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যাখ্যা করেন।
মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয়, নিশ্চিতকরণ পক্ষপাত। অবশ্য তদন্তকারী সংস্থা ভুল করতে পারে। তদন্তে গাফিলতি, প্রভাব বিস্তার, আলামত গোপন কিংবা মিথ্যা সাক্ষ্য তৈরির ঘটনাও ঘটতে পারে। ফলে সরকারি ব্যাখ্যাই চূড়ান্ত সত্য—এমন ধরে নেওয়ার কারণ নেই। কিন্তু তদন্তের বিরুদ্ধে অবিশ্বাসেরও যুক্তি-প্রমাণ প্রয়োজন। শুধু ‘আমি বিশ্বাস করি না’ বললে কোনো তদন্ত ভুল প্রমাণিত হয় না। একইভাবে তদন্তকারী সংস্থা ‘আমরা অপরাধীকে পেয়েছি’ বললেই অপরাধ প্রমাণিত হয় না।
অপরাধের রহস্য উন্মোচন
আমি দীর্ঘদিন অপরাধ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, একটি ঘটনার জনপরিসরের বয়ান এবং তদন্তে পাওয়া বাস্তব তথ্যের মধ্যে অনেক সময় বিস্তর পার্থক্য থাকে।
একটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে ঘটনাস্থলের আলামত, ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা, সিসিটিভির পূর্ণাঙ্গ ও ধারাবাহিক ফুটেজ, মোবাইলফোনের তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান ও গতিবিধি, সাক্ষীদের বক্তব্য, এসব তথ্যের পারস্পরিক মিল প্রভৃতি।
একটি সিসিটিভি ফুটেজে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার অর্থ এই নয় যে, একজন অন্যজনকে হত্যা করেছেন কিংবা ফাঁসিয়ে দিয়েছেন। আবার কোনো সন্দেহভাজন ব্যক্তি অসঙ্গত বক্তব্য দিলে শুধু তার ভিত্তিতে তাকে অপরাধী বলা যায় না। কেউ যদি হত্যার কথা স্বীকারও করেন, সেই বক্তব্যের সত্যতা স্বাধীন আলামতের মাধ্যমে যাচাই করতে হয়। বক্তব্যটি কীভাবে নেওয়া হয়েছে এবং আইনত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কি না, সেটিও গুরুত্বপূর্ণ। একইভাবে একটি মরদেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন না পাওয়া মানেই হত্যা হয়নি, এমন সিদ্ধান্তেও পৌঁছানো যায় না। সব প্রমাণ পরীক্ষা করে মৃত্যুর কারণ ও ঘটনার ধারাবাহিকতা নির্ধারণ করতে হয়। সবধরনের তদন্তের ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপরোক্ত বিষয়গুলোকে মূল্যায়ন করেন। তারপর সংশ্লিষ্ট ব্যক্তির দায় প্রমাণের প্রশ্ন আসে।
অপরাধ তদন্তের কাজ কোনো জনপ্রিয় তত্ত্বকে সত্য প্রমাণ করা নয়। তদন্তের কাজ হলো, প্রমাণ যেখানে নিয়ে যায়, সেখানে পৌঁছানো। এই জায়গাতেই সামাজিক যোগাযোগমাধ্যমের জনমত ও অপরাধ তদন্তের মধ্যে মৌলিক পার্থক্য।
একটি গল্প বিশ্বাস করতে মানুষের আবেগই যথেষ্ট হতে পারে। কিন্তু আদালতে অপরাধ প্রমাণ করতে হয় আইনসম্মত ও নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে। হাজার মানুষ কাউকে খুনি বললেও তিনি আইনের চোখে অপরাধী হয়ে যান না। আবার হাজার মানুষ একজন প্রকৃত অপরাধীকে নির্দোষ মনে করলেও সেই বিশ্বাস তার অপরাধ মুছে দেয় না।
বিশ্বাসের সঙ্গে সত্যর সম্পর্ক
আমাদের সমাজে একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে তার একটি চূড়ান্ত ব্যাখ্যা দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রমাণ আসার আগেই অপরাধী নির্ধারণ করা হয়। তারপর শুরু হয় সেই ব্যাখ্যার পক্ষে প্রচারণা। এতে দুটি সমস্যা তৈরি হয়। প্রথমত, প্রকৃত তদন্তের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অসংখ্য অনুমান ও গুজবের নিচে চাপা পড়ে যেতে পারে। দ্বিতীয়ত, প্রকৃত অপরাধী শনাক্ত হওয়ার পরও তার বিরুদ্ধে সংগৃহীত বৈধ প্রমাণ জনপরিসরে গ্রহণযোগ্যতা হারাতে পারে।
তাহসিফ সাউরির হত্যাকাণ্ড আর চুমুকাণ্ডের ঘটনায় এই আশঙ্কা রয়েছে। কারণ জনমতের অনুমোদন অপরাধ প্রমাণের শর্ত নয়। কিন্তু তদন্তের প্রতি মানুষের আস্থা অর্জনের জন্য জবাবদিহি প্রয়োজন। কোনো সম্ভাবনাকে রাজনৈতিক সুবিধার জন্য আগেভাগে সত্য ঘোষণা করা যেমন অনুচিত, তেমনি প্রমাণ ছাড়াই কোনো সম্ভাবনাকে তদন্তের বাইরে রাখাও অনুচিত। সত্যের পক্ষে জনমত থাকতে পারে, বিপক্ষেও থাকতে পারে। কিন্তু সত্য নির্ধারণের জন্য গণভোটের প্রয়োজন হয় না।
লেখক: সাংবাদিক