স্টাফ রিপোর্টার
, যশোর
বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে বন্দরের নয় নম্বর শেড থেকে চালানটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
জব্দ করা ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল।
এ-সংক্রান্ত আমদানি বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪। গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। তবে বন্দরে চালানটি প্রবেশের পর যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই একই দিন ট্রাকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে আমদানি-সংক্রান্ত নথিপত্র যাচাই করেন। এতে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল পাচারের পাশাপাশি শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া পণ্যটির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বন্দরের নয় নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড করার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বাইরে নেওয়া হচ্ছে বলে খবর পেয়ে কর্মকর্তারা সেখানে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করা হয়। এতে দেখা যায়, গত ৮ নভেম্বর বন্দরে আসা চালানটির বিপরীতে গেট পাস নেওয়ার চেষ্টা চলছিল। ফলে পণ্যটি মিথ্যা ঘোষণা দিয়ে বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়।
তিনি আরও বলেন, কাগজপত্রে পণ্যটির নাম ‘ট্যালকম পাউডার’ উল্লেখ থাকলেও পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া প্রকৃত পণ্য শনাক্ত করা সম্ভব নয়।
ল্যাব পরীক্ষায় পণ্যের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।