মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির দায়ে 'রুমা ব্রিকস' নামে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা এবং এর কিলন (চিমনি/পোড়ানোর চুলা) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মহেশপুর উপজেলার কাজিরবেড় (জিন্নানগর) এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়ার অভিযোগে রুমা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে মালিক পক্ষের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
এছাড়া আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মীর গিয়াস উদ্দিন ও নমুনা সংগ্রহকারী কামরুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল জেলা আনসার ব্যাটালিয়ন ও পুলিশের দুটি দল।