যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দীপাবলিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১২:০১ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৩:১৬ পিএম
দীপাবলিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি ও কালীপূজা উপলক্ষে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আবার পণ্য পরিবহন শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা দীপাবলি উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই বেনাপোলের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়েছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে। তবে এ সময়ে যাত্রী পারাপারসহ বন্দর ও কাস্টমসের অন্যান্য কার্যক্রম চালু রয়েছে।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আগেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছে।

ভারত-বাংলাদেশ স্থলবাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বেনাপোল বন্দর। ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশ এ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

প্রতিদিন এ পথে ভারত থেকে ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। বিপরীতে বাংলাদেশ থেকে প্রায় ১০০টি ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়। শিল্পকারখানার কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি-রপ্তানি হয় এ বন্দর দিয়ে। আমদানিকারকদের কাছে বন্দরটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, মাত্র সাত দিনের এলসিতে পণ্য আমদানির সুযোগ।

এ ছাড়া বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। পণ্যবাহী ট্রাক আড়াই ঘণ্টার মধ্যেই কলকাতা থেকে এ চেকপোস্টে পৌঁছাতে পারে।

এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। এরপর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেও আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। এর কয়েক দিনের মাথায় আবারও কার্যক্রম বন্ধ হওয়ায় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।

চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে ভারত-বাংলাদেশ যাতায়াত করেন।

এ বন্দর থেকে বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন প্রায় দশ কোটি টাকা এবং ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যাত্রী পারাপার থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতে কালীপূজার সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীরা স্বাভাবিক নিয়মেই যাতায়াত করতে পারছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)