রুহুল আমিন
, যবিপ্রবি
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অবস্থানের উন্নতি হলেও শিক্ষকদের পিএইচডি ডিগ্রির হার বেশ হতাশাজনক। বিশ্ববিদ্যালয়টির প্রতি ১০০ জন শিক্ষকের মধ্যে ৮৫ জনেরই পিএইচডি ডিগ্রি নেই। অর্থাৎ, মাত্র ১৫ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র একজন শিক্ষক।
যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা র্যাঙ্কিং সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭'-এর তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শিক্ষকদের পিএইচডি ডিগ্রির অনুপাত এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান তুলে ধরা হয়।
কিউএসের তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় যবিপ্রবির শিক্ষকদের পিএইচডি ডিগ্রির হার বেশ পিছিয়ে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অর্ধেকের বেশি শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রায় ৩৭ শতাংশ শিক্ষকের পিএইচডি রয়েছে। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের মধ্যে এই হার প্রায় ২৬ শতাংশ।
তুলনামূলক বিচারে বুয়েট, শাবিপ্রবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে যবিপ্রবির শিক্ষকদের পিএইচডি ডিগ্রির অনুপাত উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে সমমানের প্রতিষ্ঠান শাবিপ্রবির সঙ্গে যবিপ্রবির এই বড় ব্যবধান বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নিয়োগের মান এবং গবেষণা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের দিক থেকেও পিছিয়ে রয়েছে যবিপ্রবি। নিয়ম অনুযায়ী উচ্চশিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা জরুরি হলেও যবিপ্রবিতে প্রতি ৩৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। এই ঘাটতি শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিক্ষাবিদেরা মনে করছেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে যবিপ্রবির অবস্থানের উন্নতি ইতিবাচক হলেও শিক্ষকদের উচ্চতর ডিগ্রি, গবেষণার সুযোগ এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের মতো মৌলিক সূচকে পিছিয়ে থাকা একটি বড় চ্যালেঞ্জ। র্যাঙ্কিংয়ের অগ্রগতির ধারা বজায় রাখতে শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ বাড়ানো, গবেষণায় অর্থায়ন এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে জোর দেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয়ে পিএইচডির গুরুত্ব তুলে ধরে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, "একজন গবেষককে গবেষণার পদ্ধতি, অর্থায়ন সংগ্রহ ও নতুন জ্ঞান সৃষ্টিতে দক্ষ করে তোলে পিএইচডি। পিএইচডিধারী শিক্ষকরা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ ধরে রাখতে পিএইচডিধারী শিক্ষকের বিকল্প নেই।" তবে যবিপ্রবির বয়স বিবেচনায় ১৫ শতাংশ শিক্ষকের পিএইচডি থাকাকে তিনি একটি প্রাথমিক অর্জন বলেও মনে করেন।
ড. ইমরান খান আরও বলেন, "দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও পিএইচডিধারী শিক্ষক তৈরি ও তাদের ধরে রাখার কার্যকর উদ্যোগ নেই। উন্নত দেশে পিএইচডি করতে গিয়ে অনেকেই আর দেশে ফেরেন না। গবেষণার সুযোগের অভাব, ল্যাবরেটরির সংকট, কম বেতন এবং নিয়োগে রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্য গবেষকদের বিশ্ববিদ্যালয়ে আকৃষ্ট করা কঠিন হচ্ছে। চীন বা ভারতের মতো দেশে মেধাবীদের ফিরিয়ে আনতে বিশেষ কর্মসূচি থাকলেও বাংলাদেশে তা নেই।" পিএইচডি করতে যাওয়া শিক্ষকদের দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উপাচার্যের পিএস (সেকশন অফিসার) জানান, উপাচার্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপাচার্য ফোন রিসিভ করেননি।