ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বৈধ কাগজপত্র ছাড়া ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে ট্রাকটি পুলিশের হেফাজতে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের ট্রাকটিতে সার বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে মালামাল সম্পর্কে জানতে চান। এ সময় চালক ও সংশ্লিষ্টরা জানান, ট্রাকে সার রয়েছে, যা কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিবহনের পক্ষে কোনো মেমো বা চালান দেখাতে পারেননি তারা।
এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা টিএসপি সারের কাগজপত্র দেখতে চান। কিন্তু সংশ্লিষ্টরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সদর থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।
ঘটনাস্থলে ঝিনাইদহ জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে তাদের খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে সারের কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি। শুধু একটি কাগজ দেখিয়েছেন, যাতে ৪২০ বস্তা সারের কথা লেখা আছে।
ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাজেদুল হক ট্রাক আটকের বিষয়টি সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মিলন আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের বদনাম করছেন। এ কারণে সার পাচারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া উচিত নয়।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান রাত ১১টা ৩৫ মিনিটে জানান, ট্রাকটি কোন দিক থেকে আসছিল, তা তিনি জানতে পারেননি। লোক পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকসহ সার পুলিশের হেফাজতে থাকবে। ট্রাকে ৪২০ বস্তা সার আছে।
তিনি বলেন, মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারলে ট্রাক ছেড়ে দেওয়া হবে, না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি তেমন কিছু জানেন না। কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করতে ইউএনও ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সার অবৈধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।