মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ এবং তাদের জন্য অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
লিড ব্যাংক হিসেবে যমুনা ব্যাংকের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখার যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
যমুনা ব্যাংকের গাংনী শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক আশিক বিল্লাহ, যমুনা ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও কুষ্টিয়া শাখা প্রধান সুখদেব কুন্ডু, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন এবং সোনালী ব্যাংক পিএলসির এরিয়া ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) তৌহিদুল আলম।
এ ছাড়া বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের গাংনী শাখা ব্যবস্থাপক বজলুল হুদা, ইসলামী ব্যাংকের গাংনী শাখা ব্যবস্থাপক মাসুদ করিম এবং অগ্রণী ব্যাংকের গাংনী শাখা ব্যবস্থাপক ইফতেখারুল হক জোয়ার্দ্দার।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ নতুন ও সম্ভাবনাময় ১৫০ জন তরুণ উদ্যোক্তা অংশ নেন।
এ সময় তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ এবং ব্যাংকঋণ ও আর্থিক সহায়তার মাধ্যমে নতুন উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।