যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে বহু সনাতনির জমি দখলের অভিযোগ প্রফুল্লর বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:৫৪ পিএম
নড়াইলে বহু সনাতনির জমি দখলের অভিযোগ প্রফুল্লর বিরুদ্ধে

নড়াইল সদর উপজেলার দুর্গাপুর গ্রামে প্রফুল্ল বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, দলিল জালিয়াতি, প্রতারণা ও স্থানীয় বাসিন্দাদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের জমিজমা দখলসহ নানা অপকর্মে জড়িত রয়েছেন।

এসব অভিযোগের মুখে পড়লে তিনি সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সামনে এনে নিজেকে রক্ষার চেষ্টা করেন বলেও অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন প্রফুল্ল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার এলাকায় ফিরে আগের মতো প্রভাব বিস্তার করছেন তিনি।

এদিকে জমি দখল ও উচ্ছেদসংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির। তবে প্রফুল্ল বিশ্বাস তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সরেজমিনে দুর্গাপুর গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ বছরে প্রফুল্লর বিরুদ্ধে বিভিন্ন সময় জমি নিয়ে বিরোধ, প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের মানুষ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ক্ষমতার পালাবদল হলেও প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এলাকায় নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

দুর্গাপুর গ্রামের বাবুরাম (৬২) অভিযোগ করেন, তার সাড়ে ১৪ শতাংশ জমি ১৬ লাখ টাকায় কেনার চুক্তি করেন প্রফুল্ল। সরল বিশ্বাসে জমি রেজিস্ট্রি করে দিলেও চুক্তির বিপরীতে মাত্র পাঁচ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। বাকি দশ লাখ দশ হাজার টাকা দীর্ঘদিনেও দেননি। সম্প্রতি পাওনা টাকা চাইতে গেলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ বাবুরামের।

গ্রামের কাঠমিস্ত্রি তরুণ বালা (৪২) অভিযোগ করেন, তিনি নিজের জমি রঞ্জিত ঋষির কাছে বিক্রি করেছিলেন। কিন্তু প্রফুল্ল দাবি করছেন, জমিটি তার কাছেই বিক্রি করা হয়েছে। এই দাবির ভিত্তিতে তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তরুণ।

কৃষক খগেন বিশ্বাস (৬৮) জানান, প্রতিবেশী সুধীর গং পাঁচ শতাংশ জমি বিক্রির জন্য তার সঙ্গে চুক্তি করেন। জমির মূল্য বুঝে নিয়ে তাকে দখলও বুঝিয়ে দেন তারা। তবে পরে জমি রেজিস্ট্রি না করেই ভারতে চলে যান। খগেনের অভিযোগ, এই সুযোগে প্রফুল্ল কৌশলে জমিটি নিজের দখলে নিয়ে তাকে উচ্ছেদ করেন।

এ ছাড়া সন্তোষ অধিকারী নামে এক কৃষকের মন্দিরসহ বসতভিটা দখলের অভিযোগও রয়েছে প্রফুল্লর বিরুদ্ধে। এ কারণে বৃদ্ধ বয়সে পরিবার নিয়ে সন্তোষকে দেশ ছাড়তে হয়েছে বলে দাবি করেছেন তার বোন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ইপি রানী।

অন্যদিকে জালিয়াতির মাধ্যমে দলিল করে নেওয়ার কারণে কয়েক পুরুষের সম্পত্তি হারানোর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিমল ভট্টাচার্য নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রফুল্লর বিরোধিতা করায় রবিন বিশ্বাস ও ছোট বিশ্বাস নামে দুই ভাইকে হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। রবিনের স্ত্রী সন্দীপা বিশ্বাস (৩৮) জানান, চুরির অপবাদ দিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে পুলিশে ধরিয়ে দেন প্রফুল্ল।

এদিকে সম্প্রতি বসতবাড়ির দখল ফিরে পেতে প্রফুল্লর বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন বাপ্পারাজ নামে এক ব্যবসায়ী। আবেদনে তিনি উল্লেখ করেন, গত বছরের ২০ জুন রাতে ভাড়াটে লোকজন নিয়ে দুর্গাপুর গ্রামে তার কেনা বসতবাড়ি থেকে তাকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

বাপ্পারাজ বলেন, আপসে জায়গা-জমি উদ্ধারের অনেক চেষ্টা করেছেন তিনি। কিন্তু কিছু বলতে গেলেই প্রফুল্ল সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সামনে আনেন। এ কারণে ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পান না।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রফুল্ল বিশ্বাস বলেন, বাপ্পারাজের আগে থেকেই তিনি ওই জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। জমির মালিক এস এম নজরুলকে দশ লাখ টাকা অগ্রিম দিয়ে বায়নাপত্রও সম্পাদন করেন। জমির অন্য অংশীদারেরাও তাকে দলিল করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যান্য অভিযোগ অস্বীকার করে প্রফুল্ল বলেন, গ্রাম্য প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণার সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
 
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে প্রফুল্ল বিশ্বাসের বিরুদ্ধে তার দপ্তরে একটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)