কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর বাবাও মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে জানাজা শেষে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁর অবস্থা অবনতি হলে বাড়ির লোকজন মোবাইল ফোনে তাঁর ছেলে মাহফুজুর রহমানকে বিষয়টি জানান। মাহফুজুর তখন শহরের একটি ছাপাখানায় কাজ করছিলেন।
বাবার গুরুতর অসুস্থতার খবর শুনে আকস্মিক তীব্র মানসিক ধাক্কা ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েন মাহফুজুর। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ৮টার দিকে মাহফুজুরের মরদেহ বাড়িতে নেওয়া হলে ছেলের মৃত্যুর সংবাদ শুনে শয্যাশায়ী বাবা আব্দুল মান্নান আরও ভেঙে পড়েন। তীব্র শোক ও অসুস্থতায় রাত ১১টার দিকে বিছানাতেই মৃত্যুবরণ করেন তিনি।
নিহত মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জানাজা শেষে বাড়ির কাছের কবরস্থানে বাবা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।