পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ক্রেতা ও এক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে (সামারি ট্রায়াল) মাদক ক্রেতাকে এক মাস এবং বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শামুকপোতা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ খোকন গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বাদশা সরদারকে নিজ এলাকা থেকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক বাদশা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মাদক সেবনকারী ও বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হবে না এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।