চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বকুল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামীম রেজা ডালিম মামলার বিবরণ দিয়ে জানান, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে বকুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বকুলকে আটক করা হয় এবং তার বসতঘর তল্লাশি করে ১৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশচন্দ্র বসু বাদী হয়ে বকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ মে বকুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত এই মামলায় তার পূর্বের হাজতবাসের সময়কাল মূল সাজা থেকে বাদ দেওয়ার এবং জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আরিফুল ইসলাম আরিফ। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত বকুলকে পুলিশি পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।