যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে সড়কের কাজ না করে ঠিকাদার উধাও, ২০ গ্রামের মানুষের ভোগান্তি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:৪১ পিএম
মহেশপুরে সড়কের কাজ না করে ঠিকাদার উধাও, ২০ গ্রামের মানুষের ভোগান্তি

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুরের সড়ক সংস্কারের কাজ পেয়েও দেড় বছর ধরে তা শুরু করেননি ঠিকাদার। দরপত্র ও কার্যাদেশের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সড়কটিতে হাত দেননি তিনি। একপর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

তবে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলায় কবে নাগাদ সংস্কারকাজ শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

এদিকে চার বছরের বেশি সময় ধরে বেহাল পড়ে থাকা এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন ঝিনাইদহের এসবিকে, সাব্দালপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের কয়েক লাখ মানুষ।

সরেজমিনে দেখা যায়, মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামের চার কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীরা।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করে এলজিইডি। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সংস্কারকাজ শুরু করেননি।

এতে সড়ক সংস্কারের অপেক্ষায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও দীর্ঘ হয়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, চার-পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। সংস্কারের জন্য দরপত্র আহ্বানের পর এক ঠিকাদার কাজ পান বলে শুনেছিলেন তারা। কিন্তু এতদিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।

কলেজশিক্ষক শামিম হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যা হয়। ঠিকাদার কাজ পেয়েও কেন কাজ করছেন না, তা তাদের বোধগম্য নয়।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। দ্রুত কাজ শুরু না হলে তাদের ভোগান্তির শেষ হবে না।

এ বিষয়ে জানতে ঠিকাদার রফিকুল ইসলামকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

মহেশপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী আজিজুল হক বলেন, কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে। চার কিলোমিটার দীর্ঘ এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)