রূপক মুখার্জি, লোহাগড়া (নড়াইল)
সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব হলো, ভাইফোঁটা। এ উৎসবকে 'ভাতৃদ্বিতীয়া' বলা হয়ে থাকে।
এই দিনটির জন্য বছরজুড়ে অপেক্ষা, এক ফোঁটায় মেলে ভাই-বোনের ভালোবাসার পূর্ণতা।
ভাই-বোনের এই ভালোবাসা আর আবেগের মুহূর্ত যেন ফুটিয়ে তোলে ভাইফোঁটার প্রকৃত তাৎপর্য।
বুধবার (১১ নভেম্বর) সকালে নড়াইলের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পারিবারিক উৎসব ভাইফোঁটা পালিত হয়।
ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, বোনের চোখে মঙ্গলকামনা। সঙ্গে মিষ্টিমুখ, উপহার আর শৈশবের স্মৃতিচারণ। কখনও হাসি, কখনও খুনসুটি, আবার কখনও আবেগে ভেজা মুহূর্ত- সব মিলিয়ে ভাই-বোনের ভালোবাসায় মুখর হয়ে ওঠে অনেক পরিবার।
ভাইফোঁটা মানেই শুধু একটি ধর্মীয় আচার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, স্মৃতি আর আত্মার টান। শৈশবে একসঙ্গে বেড়ে ওঠা, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, আবার বিপদে একে অপরের পাশে দাঁড়ানো- জীবনের এমন অসংখ্য স্মৃতি এই দিনটিকে আরও বিশেষ করে তোলে। অনেকের কাছে ভাইফোঁটাই শুধু উৎসব নয়, ভাই-বোনের সম্পর্ক নতুন করে উদযাপনের এক বিশেষ উপলক্ষ্য।
ভাই ফোঁটা উৎসবকে ঘিরে পরিবারের ছোট সদস্যদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। নতুন পোশাক পরা, বড়দের কাছ থেকে উপহার পাওয়া এবং পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি- সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
ভাইফোঁটা মূলত: ভালোবাসা, শুভকামনা ও পারিবারিক বন্ধনের এক পবিত্র উৎসব।
পঞ্জিকা মতে, প্রতিবছর কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে কালী পূজার দু'দিন পর এ উৎসব পালিত হয়। কোন কোন বছর শুক্লাপক্ষের প্রথম তিথিতেও ভাইফোঁটা উৎসব পালিত হয়ে থাকে। এই দিনটি যম দ্বিতীয়া নামেও পরিচিত।