সম্পাদকীয়
জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর কোনো দূরবর্তী আশঙ্কা নয়; বাংলাদেশের উপকূলীয় জনপদের মানুষের কাছে এটি প্রতিদিনের নির্মম বাস্তবতা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলার নুরজাহান কিংবা তার প্রতিবেশী আফসারের জীবনসংগ্রাম সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। খোলপেটুয়া নদীর ভাঙনে বারবার বসতভিটা হারিয়ে শেষ পর্যন্ত বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া নুরজাহানের গল্প কেবল একজন অসহায় নারীর দুর্দশার বিবরণ নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা, জলবায়ু ন্যায্যতা এবং মানবাধিকারের প্রশ্নে আমাদের ব্যর্থতার প্রতিফলন।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য। অথচ এর ভয়াবহ পরিণতি বহন করতে হচ্ছে এ দেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট তাদের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে। একসময় যে জনপদে অর্ধশত পরিবার বসবাস করতো, সেখানে আজ অনেকেই বাস্তুচ্যুত। যারা টিকে আছেন, তাদের জীবন কাটছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায়। এটি শুধু পরিবেশগত সংকট নয়, মানুষের বাসস্থান, খাদ্য, পানি, স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের ওপর সরাসরি আঘাত।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, তার যথাযথ ব্যবহার নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। ২০০৯ সাল থেকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ৯৬৯টি প্রকল্পে তিন হাজার ৯৬৮ কোটি টাকা ব্যয়ের তথ্য রয়েছে। অথচ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত গৃহীত ৩২২টি প্রকল্পের ৬৫ শতাংশ সড়কবাতি স্থাপনের মতো খাতে ব্যয় হওয়ার অভিযোগ প্রকল্প নির্বাচন ও অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করে। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জন্য গঠিত তহবিল যদি তাদের জীবন রক্ষার পরিবর্তে অগ্রাধিকারের সঙ্গে সম্পর্কহীন অবকাঠামো নির্মাণে ব্যয় হয়, তবে সেই অর্থের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সাতক্ষীরার মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বেড়িবাঁধের দুর্বলতা, সুপেয় পানির সংকট এবং লবণাক্ততার বিস্তার যখন প্রকট, তখন এসব খাতে পর্যাপ্ত অর্থায়ন না থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন মানে কেবল রাস্তা, সেতু, কালভার্ট কিংবা সৌন্দর্যবর্ধন নয়। উন্নয়নের প্রকৃত অর্থ মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত করা। জলবায়ু তহবিলের প্রতিটি টাকা ব্যয়ের ক্ষেত্রে তাই স্থানীয় মানুষের প্রয়োজন, ঝুঁকির মাত্রা এবং দীর্ঘমেয়াদি সুফলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব কেবল প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তহবিলের অর্থ কোথায়, কীভাবে এবং কার স্বার্থে ব্যয় হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশকর্মী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্বাধীন নিরীক্ষা ও সামাজিক জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে, যাতে অর্থের অপচয় ও অনিয়ম প্রতিরোধ করা যায়।
আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের দাবি স্পষ্ট হওয়া প্রয়োজন। কপ সম্মেলনে প্রতিশ্রুতি ও আশ্বাসের পুনরাবৃত্তি নয়, বরং ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য, পর্যাপ্ত ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু বিপর্যয়ের জন্য যারা ঐতিহাসিকভাবে বেশি দায়ী, ক্ষয়ক্ষতির দায় বহনেও তাদের দায়িত্ব নিতে হবে। এই সহায়তা ঋণের বোঝা হয়ে আসতে পারে না; এটি জলবায়ু ন্যায়বিচারের দাবি।
নুরজাহানদের কাছে কপ সম্মেলনের নাম কিংবা আন্তর্জাতিক প্রতিশ্রুতির হিসাব গুরুত্বপূর্ণ নয়। তাদের প্রয়োজন নিরাপদ বসতভিটা, মজবুত বেড়িবাঁধ, সুপেয় পানি, জীবিকার নিশ্চয়তা এবং দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ। রাষ্ট্রকে বুঝতে হবে, উপকূলের মানুষ কোনো অনুগ্রহ চাইছেন না; তারা ন্যায্য অধিকার চাইছেন। এখন জনগণের সরকার দেশ পরিচালনা করছে। সুতরাং সময় এসেছে প্রতিশ্রুতির রাজনীতি থেকে বেরিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার। অন্যথায় জলবায়ু বাস্তুচ্যুতির স্রোত আরও বাড়বে, হারিয়ে যাবে জনপদ, আর উন্নয়নের সব হিসাবের আড়ালে চাপা পড়ে থাকবে অসংখ্য নুরজাহানের কান্না।