রাইয়াদ ফেরদৌস হামিম
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে চোখ রাখলেই একটি চিত্র প্রকট হয়ে উঠছে—দাম্পত্য সম্পর্কের টানাপড়েন, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, সংসারে ভাঙন এবং কখনো কখনো নির্মম হত্যাকাণ্ড। সাম্প্রতিক সময়ে পরকীয়া, দাম্পত্য অবিশ্বাস, পারিবারিক কলহ এবং এর জেরে সংঘটিত সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে।
একটা সময় ছিল যখন পারিবারিক কলহে তৃতীয় পক্ষ এসে সম্পর্ক জোড়া লাগাতো। এখন চিত্র উল্টো। অনেক ক্ষেত্রে তৃতীয় পক্ষই সম্পর্ক ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করছে। পারস্পরিক বিশ্বাসের ঘাটতি, সম্পর্কের প্রতি দায়িত্বহীনতা এবং বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে অসংখ্য পরিবারে অশান্তির আগুন জ্বলছে।
প্রযুক্তি আশীর্বাদ, ব্যবহারে ভুলই অভিশাপ
অনেকে পরকীয়ার জন্য প্রযুক্তিকে দায়ী করেন। কিন্তু প্রযুক্তি নিজে আশীর্বাদ বা অভিশাপ নয়। এর ব্যবহারই নির্ধারণ করে এর ফল। প্রযুক্তিকে দোষারোপ না করে ব্যক্তিগত নৈতিকতা, সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও দায়িত্ববোধ। সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হলে উত্তেজিত না হয়ে, রাগান্বিত চোখ, তিক্ত ভাষা বা হাতের ব্যবহার না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এমনটা হচ্ছে না। ফলে সম্পর্কের অবনতি আরও ত্বরান্বিত হচ্ছে।
কেন বাড়ছে পরকীয়া
বিশেষজ্ঞদের সাথে কথা বলে এবং সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করে পরকীয়া বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা যায়:
১. দাম্পত্য সম্পর্কে দূরত্ব: সংসারে থেকেও মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। স্বামী-স্ত্রী দুজনেই চাকরি, মোবাইল, বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন, কিন্তু একে অপরকে সময় দিচ্ছেন না। কথা বলা কমে গেলে, গুরুত্ব না পেলে মানুষ বাইরে মানসিক আশ্রয় খোঁজে।
২. মোবাইল ও সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা: আগে পরকীয়ার সুযোগ কম ছিল। এখন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে পুরনো বন্ধু, সহকর্মীর সাথে সহজে যোগাযোগ হচ্ছে। প্রথমে সাধারণ চ্যাট থেকে আস্তে আস্তে সম্পর্ক গভীর হয়।
৩. মানসিক চাহিদা পূরণ না হওয়া: অনেকে শারীরিক কারণে নয়, মানসিক কারণে জড়ায়। যেমন—প্রশংসা না পাওয়া, সম্মান না পাওয়া, নিজের কষ্ট কেউ না শোনা। বাইরে কেউ একটু যত্ন নিয়ে কথা বললেই দুর্বলতা তৈরি হয়।
৪. অতিরিক্ত প্রত্যাশা ও তুলনা: নাটক, সিনেমা, সোশ্যাল মিডিয়ায় অন্যের সাজানো-গোছানো জীবন দেখে নিজের সঙ্গীকে কম মনে হওয়া। ওর স্বামী/স্ত্রী তো এমন—এই তুলনা থেকে অসন্তুষ্টি আসে।
৫. অর্থনৈতিক ও পারিবারিক চাপ: অভাব, সন্দেহ, নিয়মিত ঝগড়া, শ্বশুরবাড়ির অশান্তি দীর্ঘদিন চললে সম্পর্কের প্রতি টান কমে যায়।
৬. নৈতিকতার শিথিলতা ও একাকিত্ব: যৌথ পরিবার ভেঙে একক পরিবার হওয়ায় একাকিত্ব বেড়েছে। তার সাথে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা কমে যাওয়ায় অনেকের কাছে এটি ‘স্বাভাবিক’ মনে হচ্ছে।
পর্নোগ্রাফি: একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় হলো যৌন জীবনে অতৃপ্তি। বর্তমানে দেশের শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষের অনেকেই পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। পর্ন মুভির মতো বাস্তব জীবনেও বিবাহিত নারী-পুরুষ যৌন সম্পর্কের আশা করছেন।
এটি একটি ভুল ধারণা। কারণ রেকর্ড করা ভিডিও নানা রকম কাটছাঁট ও কৃত্রিমতার মাধ্যমে তৈরি হয়। বাস্তবতা হলো আবহাওয়া, জলবায়ু ও অঞ্চলভেদে মানুষের যৌন চাহিদা ও ক্ষমতা ভিন্ন হয়। তাই কোনো মুভির মতো বাস্তব জীবনের যৌন চাহিদা কল্পনা করা উচিত নয়। অনেক সম্পর্ক এভাবেই নষ্ট হচ্ছে এবং অনেকে গোপনে পরকীয়ায় জড়াচ্ছেন।
পরকীয়ার জেরে প্রাণহানির সাম্প্রতিক তিন ঘটনা: পরকীয়া শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি গোটা উপমহাদেশের সমস্যা। এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ সাম্প্রতিক ঘটনাগুলো।
যশোর সদর উপজেলার শানতলা এলাকায় পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী আতিয়ার রহমান।
নীলফামারীতে ফাঁদ পেতে আটক
নীলফামারীর ডোমারে স্ত্রীর পরকীয়া জেনে স্বামী সহধর্মিণীর ফোন থেকে প্রেমিক মাসুদ রানাকে মেসেজ দিয়ে বাড়ির পাশের বাঁশঝাড়ে আসতে বলেন। প্রেমিকা ভেবে সন্দেশ নিয়ে দেখা করতে এলে তাকে আটক করা হয়।
মাদারীপুরের রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল ইসলাম মাইশাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মুন্সীর বিরুদ্ধে।
সমাধান কোথায়
মূল কথা হলো, পরকীয়া হঠাৎ করে হয় না। এটি দীর্ঘদিনের অবহেলা, না-বলা কষ্ট আর সুযোগের ফল। এই সমস্যা সমাধানের জন্য বৃহৎ পরিকল্পনা প্রয়োজন।
আমাদের ফিরতে হবে পারিবারিক মূল্যবোধে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন অন্তত কিছুটা কোয়ালিটি সময় কাটানো, একে অপরের কথা মন দিয়ে শোনা, প্রযুক্তির ব্যবহারে সীমারেখা টানা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানো জরুরি। সন্দেহকে প্রশ্রয় না দিয়ে খোলামেলা আলোচনাই পারে একটি সংসারকে ভাঙনের হাত থেকে বাঁচাতে।
লেখক: সংগঠক