সুবর্ণভূমি ডেস্ক
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে দুই নেতার এক ফোনালাপে এ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম 'ইয়েদিওথ আহরোনোথ' সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এক সূত্র একে ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা কথোপকথন’ বলে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।
এর আগে 'ফাইন্যান্সিয়াল টাইমস' জানায়, ইরানে ফের সামরিক অভিযান চালাতে ট্রাম্পকে প্রতিদিনই চাপ দিচ্ছেন নেতানিয়াহু। তবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো নতুন হামলার বিরোধিতা করে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকটের অবসানে ইতিবাচক অগ্রগতি হওয়ায় নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা আপাতত কম। একই অবস্থান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখনই বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে ইরান মার্কিন নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইরান সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরান—উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে কাতার। তবে চূড়ান্ত চুক্তির সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তী সময়ে কূটনৈতিক উদ্যোগ ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি