তসলিম শিমুল
মানুষের জীবনে সব জায়গায় নিজের উপস্থিতি প্রমাণ করার প্রয়োজন নেই। সবাইকে গুরুত্ব দিতে গিয়ে কখনো কখনো মানুষ নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলে। অথচ আত্মমর্যাদা বজায় রাখার অন্যতম শর্ত হলো কোথায় থাকতে হবে, আর কোথা থেকে নীরবে সরে আসতে হবে—সেই বোধটুকু অর্জন করা।
পৃথিবীতে এমন কিছু সম্পর্ক, পরিবেশ ও মানুষের সান্নিধ্য রয়েছে, যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই। আপনার আন্তরিকতা সেখানে দায়িত্ব হিসেবে বিবেচিত হয়, আপনার ভালোবাসা হয়ে ওঠে স্বাভাবিক প্রাপ্য, আর আপনার নীরবতাকে মনে করা হয় দুর্বলতা। আপনি যতই চেষ্টা করুন, যতই নিজেকে উজাড় করে দিন, তাদের কাছে আপনার গুরুত্বের জায়গাটি হয়তো কখনোই তৈরি হবে না।
এখানেই প্রয়োজন আত্মোপলব্ধির। কারণ কাউকে জোর করে নিজের গুরুত্ব বোঝানো যায় না। যে মানুষ আপনার অনুভূতির মূল্য বোঝে না, তার কাছে বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করাও একসময় আত্মসম্মানের পরিপন্থি হয়ে দাঁড়ায়।
মনে রাখতে হবে, দূরত্ব মানেই অহংকার নয়, অভিমানও নয়। কখনো কখনো দূরত্ব হচ্ছে নিজের মানসিক প্রশান্তি রক্ষার সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। সব বিতর্কে জিততে হয় না, সব অবহেলার জবাব দিতে হয় না, সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্বও একা নিজের কাঁধে নিতে হয় না।
জীবনের একটি পর্যায়ে এসে বুঝতে হয়, যেখানে সম্মান নেই সেখানে অবস্থান দীর্ঘায়িত করার অর্থ নিজের মর্যাদাকে ছোট করা। যেখানে আপনার কথা শোনার প্রয়োজন অনুভূত হয় না, সেখানে নীরবতাই হতে পারে সবচেয়ে যথাযথ উত্তর।
তবে দূরত্ব তৈরির অর্থ কাউকে ঘৃণা করা কিংবা প্রতিশোধ নেওয়া নয়। বরং কাউকে তার মতো থাকতে দিয়ে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
জীবন খুব ছোট। তাই নিজের সময়, আবেগ ও আন্তরিকতা এমন জায়গায় ব্যয় করা উচিত, যেখানে সেগুলোর যথার্থ মূল্যায়ন হয়। মনে রাখতে হবে, সব জায়গায় গ্রহণযোগ্য হওয়ার প্রয়োজন নেই, সবার প্রিয়পাত্র হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।
নিজের গুরুত্ব যেখানে নেই, সেখানে উপস্থিতি কমিয়ে দেওয়াই শ্রেয়। কারণ কখনো কখনো কাউকে হারানো নয়, বরং অপ্রয়োজনীয় অবস্থান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় সুবিচার।
পরিশেষে, একটি কথাই প্রাসঙ্গিক—যেখানে আপনার মূল্য নেই, সেখানে নিজের মূল্য বোঝাতে ব্যস্ত না হয়ে নীরবে দূরত্ব তৈরি করুন। কারণ আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক, কোনো অবস্থান কিংবা কোনো স্বীকৃতি অর্জনের চেয়ে মর্যাদা নিয়ে দূরে থাকা অনেক বেশি সম্মানের।
লেখক: পেশাজীবী