সম্পাদকীয়
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান কেবল একটি বন্যপ্রাণী নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রায় দুই শতাব্দী ধরে কেশবপুর ও আশপাশের এলাকায় বসবাসকারী এই হনুমান স্থানীয় মানুষের জীবনযাত্রা ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা কেশবপুরে আসেন এই বিরল প্রজাতির হনুমান দেখতে। অথচ মানুষের অবহেলা, আবাসস্থল সংকুচিত হওয়া এবং খাদ্যসংকটের কারণে আজ অস্তিত্বের সংকটে পড়েছে প্রাণীগুলো। সুবর্ণভূমিতে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনটি আমাদের সেই বাস্তবতাই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কেশবপুর ও আশপাশের এলাকায় বর্তমানে চার শতাধিক কালোমুখো হনুমান রয়েছে বলে বন বিভাগ ও স্থানীয়দের ধারণা। গত বছর এ সংখ্যা ছিল আনুমানিক ২৫০ থেকে ৩০০। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানে হনুমানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বাড়েনি তাদের খাদ্যের জোগান। সরকারি বরাদ্দে প্রতিদিন ৪৭ কেজি ২০০ গ্রাম কলা, ছয় কেজি ৭০০ গ্রাম পাউরুটি, সাত কেজি ৩৫০ গ্রাম বাদাম ও সাত কেজি ৩৫০ গ্রাম সবজি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপরন্তু পরিবহন ও দূরত্বের সীমাবদ্ধতায় প্রতিদিন ১২টি বিচরণক্ষেত্রের মধ্যে মাত্র পাঁচ-ছয়টি স্থানে খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলে অনেক এলাকার হনুমান নিয়মিত খাবার পাচ্ছে না।
এই পরিস্থিতির জন্য শুধু খাদ্য বরাদ্দের স্বল্পতাকে দায়ী করলে চলবে না। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিবেশগত অবক্ষয়। বনজ সম্পদ ও ফলদ গাছ কমে যাওয়ায় হনুমানগুলোর প্রাকৃতিক খাদ্য ও নিরাপদ আবাসস্থল সংকুচিত হয়েছে। ফলে খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে প্রবেশ করছে, মানুষের দোকানপাট ও বসতবাড়িতে হানা দিচ্ছে। এতে মানুষ ও হনুমানের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে খাদ্যের সন্ধানে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা এবং বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটছে। এটি নিছক বন্যপ্রাণীর দুর্ভোগ নয়; আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামগ্রিক ব্যর্থতারও প্রতিফলন।
আহত একটি হনুমানের চিকিৎসার জন্য মানুষের কাছে ছুটে যাওয়ার ঘটনা আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো। মানুষের কাঁধে উঠে চিকিৎসার আকুতি জানানো প্রাণীটির দৃশ্য শুধু মানবিক আবেগের বিষয় নয়, বরং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। বন্যপ্রাণী মানুষের সহানুভূতি ও সহাবস্থান প্রত্যাশা করে। অথচ তাদের বেঁচে থাকার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আমরা কতটা আন্তরিক, সেই প্রশ্ন থেকেই যায়।
এ অবস্থায় প্রথম ও জরুরি কাজ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে হনুমানের পূর্ণাঙ্গ গণনা। অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সম্ভব নয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পরিবেশ সংস্থার সমন্বয়ে নিয়মিত জরিপ পরিচালনা করতে হবে। প্রকৃত সংখ্যা, বয়সভিত্তিক বিন্যাস, খাদ্যচাহিদা ও বিচরণক্ষেত্র চিহ্নিত করে সে অনুযায়ী খাদ্য বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি প্রতিটি বিচরণক্ষেত্রে নিয়মিত ও সমানভাবে খাবার পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তবে কেবল কৃত্রিম খাদ্য সরবরাহ করে সমস্যার স্থায়ী সমাধান হবে না। হনুমানের প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধারে ফলদ ও দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। তাদের চলাচলের উপযোগী সবুজ করিডর তৈরি, বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তার নিরাপদ করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। আহত হনুমানের চিকিৎসায় স্থানীয় পর্যায়ে উদ্ধার ও চিকিৎসা দল গঠন করা যেতে পারে। একই সঙ্গে স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে কেউ তাদের বিরক্ত না করে কিংবা অনুপযুক্ত খাবার না দেয়।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কালোমুখো হনুমান সংরক্ষিত প্রাণী। সুতরাং এদের রক্ষা করা শুধু মানবিক দায়িত্ব নয়, রাষ্ট্রের আইনগত দায়িত্বও। কেশবপুরের এই ঐতিহ্য রক্ষায় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজন হলে বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ প্রকল্প গ্রহণ করতে হবে।
কেশবপুরের কালোমুখো হনুমান হারিয়ে গেলে শুধু একটি প্রাণীপ্রজাতির ক্ষতি হবে না, হারিয়ে যাবে আমাদের প্রকৃতি ও ঐতিহ্যের একটি মূল্যবান অধ্যায়। তাই সংকটকে অবহেলা না করে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, মানুষের পাশাপাশি বন্যপ্রাণীরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। ঐতিহ্যের গর্ব শুধু প্রকাশে নয়, তা রক্ষার দায়িত্ব পালনের মধ্যেই নিহিত।