সুবর্ণভূমি ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিন।
এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫তম। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের ৪২ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। প্রতিবেশী ভারতে এ হার ৪৩ শতাংশ।
পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউডস সার্ভে’তে এসব তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারের হারে ৮৮ শতাংশ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফিলিস্তিন।
দ্বিতীয় অবস্থানে থাকা পেরুর হার ৮৭ শতাংশ এবং তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের হার ৮৬ শতাংশ।
তালিকার প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে মালয়েশিয়া (৮৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৮১ শতাংশ), চিলি (৮১ শতাংশ), মেক্সিকো (৮১ শতাংশ), কলম্বিয়া (৮০ শতাংশ), আর্জেন্টিনা (৭৯ শতাংশ) ও হাঙ্গেরি (৭৮ শতাংশ)।
এ ছাড়া সিঙ্গাপুরে ৭৬ শতাংশ, পোল্যান্ড ও সুইডেনে ৭৩ শতাংশ এবং ইসরায়েল ও নাইজেরিয়ায় ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র, গ্রিস ও থাইল্যান্ডে এ হার ৭০ শতাংশ।