যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

মানুষের মৃত্যু শুধু সংখ্যাগত হিসেব নয়, শৈথিল্য পরিহার করুন

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
মানুষের মৃত্যু শুধু সংখ্যাগত হিসেব নয়, শৈথিল্য পরিহার করুন

মহাসড়ক নিরাপদ যাতায়াতের পথ। কিন্তু সেই মহাসড়কই যখন অনিয়ন্ত্রিত যান চলাচল, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে মানুষের মৃত্যুফাঁদে পরিণত হয়, তখন তা কেবল দুর্ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ থাকে না। এর পেছনে থাকে প্রশাসনিক ব্যর্থতা, আইনের দুর্বল প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে ঘাটতি। যশোরের মহাসড়কগুলোর বর্তমান চিত্র সেই উদ্বেগজনক বাস্তবতারই প্রতিফলন।

সুবর্ণভূমিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যশোরের বিভিন্ন মহাসড়কে অটোভ্যান, গ্যাসচালিত অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও স্থানীয়ভাবে তৈরি নছিমন-করিমন অবাধে চলাচল করছে। এসব যানবাহনের অনেকগুলোরই নেই নিবন্ধন, ফিটনেস কিংবা বৈধ চলাচলের অনুমতি। অথচ মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল বন্ধে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম থাকার কথা। জেলার তিনটি হাইওয়ে থানার দায়িত্বপূর্ণ এলাকা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞার কার্যকর প্রতিফলন না থাকা হতাশাজনক।

পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে। গত অক্টোবর মাসে যশোরের বিভিন্ন সড়কে অন্তত ৭০টি দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। যশোর জেনারেল হাসপাতালের তথ্য বলছে, ওই মাসে সড়ক দুর্ঘটনায় আহত ২৯২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর আগের মাসেও আহত হয়েছেন ৩৪৪ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের হিসাব যুক্ত হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে। এসব পরিসংখ্যান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সড়ক নিরাপত্তা ব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এই অনিয়ন্ত্রিত যান চলাচলের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কচুয়ায় ছয় বছরের শিশু সাজিদের মৃত্যু কিংবা ঝিকরগাছার ফুলতলায় একই পরিবারের দুই শিশু শোভন ও দিশার প্রাণহানি আমাদের মনে করিয়ে দেয়, সড়ক দুর্ঘটনা কেবল পরিসংখ্যান নয়। প্রতিটি মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও বেঁচে থাকার অবলম্বন।

এ ক্ষেত্রে শুধু চালকদের দায়ী করে কর্তৃপক্ষের দায়িত্ব শেষ করার সুযোগ নেই। মহাসড়কে নিষিদ্ধ যানবাহন কীভাবে অবাধে চলাচল করছে, কোথায় নজরদারির ঘাটতি, নিয়মিত অভিযান কেন কার্যকর হচ্ছে না—এসব প্রশ্নের জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। হাইওয়ে পুলিশ, বিআরটিএ, সওজ ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে তা দূর করতে হবে। অনিয়মের সঙ্গে কোনো ধরনের যোগসাজশ কিংবা দায়িত্বে অবহেলা থাকলে সেটিও তদন্তের আওতায় আনতে হবে।

তবে সমস্যার সমাধান শুধু অভিযান ও জরিমানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তিন চাকার যানবাহনের ওপর নির্ভরশীল বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও যাতায়াতের বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মহাসড়কের বিকল্প নিরাপদ সড়ক, স্থানীয় যান চলাচলের পৃথক ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিবহনসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বৈধ যানবাহনের নিবন্ধন, ফিটনেস পরীক্ষা, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করা জরুরি। মহাসড়কে গতিসীমা কার্যকর, ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত তদারকিও সময়ের দাবি।

মনে রাখতে হবে, সড়ক নিরাপত্তা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত দায়িত্ব। তবে দায়িত্ব ভাগ করে নেওয়ার নামে দায় এড়ানোর সুযোগ নেই। যশোরের মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধে এখনই দৃশ্যমান ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। মানুষের জীবন রক্ষার চেয়ে বড় কোনো প্রশাসনিক অগ্রাধিকার হতে পারে না। নিষেধাজ্ঞা কাগজে-কলমে বহাল রেখে বাস্তবে তার প্রয়োগ না থাকলে প্রতিদিনই নতুন কোনো পরিবারকে শোকের মুখোমুখি হতে হবে। এই মৃত্যুর মিছিল থামাতে হলে আইন প্রয়োগে কঠোরতা, প্রশাসনিক জবাবদিহি এবং সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন